নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সাথে মাদককারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তাদের হামলায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ শীর্ষ মাদককারবারি মনির ওরফে ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে।
শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। তাদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন মনির ওরফে ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির এবং তার সহযোগী মাসুম ও নাঈমকে আটক করা হয়।
আটকের খবর পেয়ে মনিরের সহযোগী মাদককারবারিরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ সময় হামলাকারীদের ছোড়া গুলি ফাইটার মনিরের পায়ে লাগে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের পাল্টা প্রতিরোধে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, ‘মাদকবিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরকে তার দুই সহযোগী ও বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের ছাড়িয়ে নিতে মাদককারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ শটগান থেকে দুই রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যান।’
তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



