আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রে স্থাপিত ক্যামেরা খুলে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে সিসি ক্যামেরা না দেখে বিষয়টি প্রথমে নজরে আসে। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো খুলে নেয়া হয়েছে।
ভোটের ঠিক আগে এমন ঘটনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর অভিযোগ, ভোটের দিন বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে সিসি ক্যামেরা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অবিলম্বে নতুন সিসি ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, খবর পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



