রংপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ২ শিক্ষক গ্রেফতার

গত ১৪ মে একাধিক পত্রিকায় ‘লাখো টাকার চুক্তিতে চলছে দাখিল পরীক্ষায় অনিয়ম’ শিরোনামে দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
গ্রেফতার দুই শিক্ষক
গ্রেফতার দুই শিক্ষক |নয়া দিগন্ত

সংবাদ প্রকাশের জেরে রংপুরের পীরগাছায় সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনার মামলায় দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকেলে তাদেরকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গ্রেফতার শিক্ষকরা হলেন, পীরগাছা সদর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান (৪৫) এবং একই ইউনিয়নের তালুক ঈশাদ গ্রামের বাসিন্দা স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান (৫৫)।

পীরগাছা থানার ওসি কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি ও পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার তার ওপর হামলার অভিযোগ এনে তাদের নামে মামলা করেছিলেন।

হামলায় জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে বলেও জানান ওসি।

গত ১৪ মে দৈনিক সংবাদসহ একাধিক পত্রিকায় ‘লাখো টাকার চুক্তিতে চলছে দাখিল পরীক্ষায় অনিয়ম’ শিরোনামে দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের জেরে গত বুধবার (২০ মে) রাতে পীরগাছা উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে মুহিব কম্পিউটারে সামনে আব্দুল কুদ্দুস সরকারের ওপর হামলা করেন স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান, রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলালসহ কয়েকজন। এ ঘটনায় মামলা করেন সাংবাদিক আব্দুল কুদ্দুস।

সংবাদটি প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন তদন্ত কমিটি গঠন করেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষাসহ তিন কার্যদিবসের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দায়িত্ব দেয়া হয় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়াকে।