ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মা। এ ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ মে) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে রাফিকে (২১) আটক করেছে পুলিশ।
অভিযুক্ত রাফি সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়ির মো: মোস্তফার ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মোস্তাফার ছেলে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছে। রোববার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঘরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে রাফি তার মা লাকি আক্তার (৪০), বাবা মো: মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলাকে (১৮) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করে এবং বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করায়।
প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কী কারণে আজকে তাদের মধ্যে ঝগড়া হয়েছে তা আমাদের জানা নেই। তবে বেশ কিছুদিন ধরে মোস্তফা মিয়ার ছেলে রাফি পড়াশোনা না করে মাদকের সাথে জড়িয়ে পড়েছে বলে শুনেছি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির বলেন, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, ‘রাফি নামের ওই ছেলে কুপিয়ে মাকে হত্যা করেছে এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাফিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি ছুরি জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে রাফি।



