সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৭৫ জন শিশু।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুরা, (ইনসেটে) হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুরা, (ইনসেটে) হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |নয়া দিগন্ত

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জনে। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৩ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১০ মাস বয়সী শিশু সাজিদ আহমদ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী নুসাইবা সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

সোমবার (১৮ মে) দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৭৫ জন শিশু।

১ জানুয়ারি থেকে ১৮ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (দু’জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন ও সিলেটে ৪২ জন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭৩ জনের মধ্যে ২৫ জন ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, দু’জন নর্থ ইস্ট হাসপাতালে, চারজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, দু’জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, দু’জন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তিনজন জামালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজন ভর্তি হয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এদিকে বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ২৭৫ জন সন্দেহজনক রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৭৪ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৫ জন, উইমেন্স মেডিক্যাল হাসপাতাল দু’জন, লায়ন্স শিশু হাসপাতালে আটজন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন শিশু ভর্তি রয়েছে।