ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৫ শিশু ভর্তি হয়েছে। এতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।
আজ বুধবার দুপুরে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৫০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরো ২৪ জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৮৫৭ শিশু।
গত ২৪ ঘণ্টায় অবস্থার অবনতি হওয়ায় দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ২০ শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব আরো বাড়িয়ে তুলেছে।



