দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে পৌঁছালে মহাসড়কে থাকা উঁচু ঢিবির ওপর ভ্যানের সামনের চাকা উঠে গেলে ভ্যানটি উল্টে যায়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত |প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন হারুনুর রশিদ (৪২) নামে ভ্যানে থাকা এক যাত্রী।

রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলা পৌরশহরের নিতাইশা মোড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি (মাঠপাড়া) এলাকার বাসিন্দা। আহত যাত্রী হারুনুর রশিদ একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার বাসিন্দা।

আহত ভ্যানযাত্রী হারুনুর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রিজার্ভ নিয়ে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট পৌরশহরের ওসমানপুর বাজারে যান। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে পৌঁছালে মহাসড়কে থাকা উঁচু ঢিবির ওপর ভ্যানের সামনের চাকা উঠে গেলে ভ্যানটি উল্টে যায়।

এতে ভ্যানচালক বাবলু মিয়া সড়কের ডান পাশে এবং তিনি নিজে বাম পাশে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক বাবলু মিয়াকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।