কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন আরো ৩৬ শিশু রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু রোগীর মৃত্যু হয়।
নিহত শিশু রায়হান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে।
কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মিয়া মনজুর আহমেদ বলেন, ‘সকালে মারা যাওয়া শিশুটি সঙ্কটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল। কুমিল্লায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে শিশু রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘গত ১৮ মার্চ থেকে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা সাতজন শিশু চিকিৎসার জন্য ভর্তি হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত মোট হামে আক্রান্ত হয়ে ৩১২ জন শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ২১৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৯৫ জন শিশু রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে আইসিইউ না থাকায় এই পর্যন্ত এখান থেকে চারজন শিশুকে রেফার্ড করা হয়েছে।’



