‘ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে এ দেশের মুসলমানদের রক্ষা করতে হবে’ বলে মন্তব্য করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আ জ ম রহুল কুদ্দুস।
তিনি বলেন, ‘সংস্কৃতির মাধ্যমেই দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে এবং বিদেশী অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
শুক্রবার (৮ মে) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার জুলাই শহীদ চত্বর সংলগ্ন জেলা অফিস মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত ২০২৬ সালের সাংগঠনিক মাসের কর্মসূচি বাস্তবায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মাওলানা এ কে এম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা আব্দুল মালেক, পৌর উপদেষ্টা মাওলানা এইচ এম বায়েজিদ ও উপদেষ্টা ইকবাল হোসাইন। এছাড়া বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সেক্রেটারিরা অনুষ্ঠানে অংশ নেন।
আ জ ম রহুল কুদ্দুস বলেন, ‘ইসলামী ও দেশীয় সংস্কৃতি বিকাশে মতিউর রহমান মল্লিকের মতো নিবেদিতপ্রাণ কর্মী তৈরি করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে ওসমান হাদী নিজের জীবন উৎসর্গ করেছেন। তার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন উপজেলার কমিটি গঠন করা হয়।



