নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল চিত্রে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের ইসলাম রিংকু বলেছেন, এটি আমার নির্বাচনী এলাকা। আমি আগে বহুবার এখানে রোগী দেখতে এসেছি। তখনো হাসপাতালের অবস্থা করুণ ছিল, এখনো তেমন উন্নতি হয়নি। আজকের পরিস্থিতি দেখে আমি সত্যিই ব্যথিত।’
তিনি বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সে নানা ধরনের সমস্যা রয়েছে। যন্ত্রপাতি অপ্রতুল ও অনেকটাই অকার্যকর, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নেই, এমনকি ডাক্তারদের বসারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব সমস্যা শিগগিরই সমাধানের জন্য আমরা কাজ শুরু করব।’
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ এবং নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি কার্যকর সেবাকেন্দ্রে পরিণত করতে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে দ্রুত উদ্যোগ নেয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার (এসপি) মো: নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য, সম্প্রতি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন দৈনিক। সেই প্রতিবেদনের পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং প্রশাসনের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের পর হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলো শিগগিরই সমাধান হবে এবং সাধারণ মানুষ পাবে মানসম্মত চিকিৎসাসেবা।



