সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জলাবদ্ধ হাওর এলাকা পরিদর্শন করেছেন। বৃষ্টিতে কৃষকদের চোখের সামনে বোরো ফসল তলিয়ে যেতে দেখে তিনি বলেন, বিএনপি কৃষকবান্ধব সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরবাসীর খোঁজখবর রাখছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জামালগঞ্জ উপজেলার হালি হাওরের রাতলা স্লুইসগেট ও ল্যাংটা খাড়া, পাকনা হাওরের গজারিয়া স্লুইসগেট এবং পাঠামারার খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যা পূরণ করা কঠিন। কৃষকরা নিজেদের উদ্যোগে পাম্প মেশিন দিয়ে পানি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষকদের এ উদ্যোগের সঙ্গে একমত পোষণ করে তিনি আর্থিকসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এমপি কামরুল বলেন, কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তুলতে হাওরের বাঁধ ও বেড়িবাঁধে নজরদারি বাড়ানো হয়েছে। বোরো ফসল রক্ষায় বাঁধে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
গত কয়েকদিনের বৃষ্টিতে জামালগঞ্জ উপজেলার পাকনা, হালি, ছনুয়ার, মিনি পাকনা, জোয়ালভাঙ্গা, রওয়ার, ডাকুয়ার, দিরাই চাতল, গণিয়ার ও গজারিয়া হাওরের নিচু জমি তলিয়ে গেছে বলে জানান তিনি।
দীর্ঘদিন খাল-বিল খনন না করায় পলিমাটি জমে তলদেশ উঁচু হয়ে পানি ধারণক্ষমতা কমে গেছে উল্লেখ করে তিনি স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান। পাশাপাশি বিএডিসির সেচ পাম্প বসালে জলাবদ্ধতা নিরসন সহজ হবে বলেও মত দেন তিনি।
এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সেচ পাম্প চালুর নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক ও মাছুম মাহমুদ তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।



