বাঘমারা বাজারে আগুনে পুড়ল ৫০ টিরও বেশি দোকান

রোববার ভোরে এই আগুনেরর ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী, স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
আগুনে পুড়ে যাওয়া দোকানপাট
আগুনে পুড়ে যাওয়া দোকানপাট |নয়া দিগন্ত

বান্দরবানের বাঘমারা বাজারে আগুনে পুড়ে গেছে ৫০ টিরও বেশি দোকান ঘর। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা যাবে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৭ মে) ভোর প্রায় ৪টার দিকে এই আগুনেরর ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী, স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানায়, ভোরে বাজারের পশ্চিম পাশের একটি বসত ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বসতবাড়ি ও দোকানে সিলিন্ডার গ্যাস থাকায় আগুন পুরো এলাকায় দ্রুত ছড়িয়ে যায়। আগুনে বাজারের দোকান, বসত ঘর একটি মসজিদসহ ৫০ টিরও বেশি স্থাপনা পুড়ে গেছে।

জামছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাই প্রু মারমা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।