সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় দুই কিশোর শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ ঘটনায় মারামারি হলে গোলাম রহিম (১৩) নামে এক ছাত্র নিহত হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান ওই শিক্ষার্থী নিহতের সত্যতা নয়া দিগন্তকে নিশ্চিত করেন।
নিহত গোলাম রহিম জামালপুর জেলার আমিরুল ইসলামের ছেলে। সে গোলাম রহিম সাওতুল কোরআন মাদরাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল।
মাদরাসা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঘুমানোর আগে মশারি টানানো নিয়ে গোলাম রহিমের সাথে তার বন্ধু ও রুমমেট ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম তার বন্ধু গোলাম রহিমের ঘাঁড়ে হাত দিয়ে সজোরে আঘাত করলে তার নাগ-মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। পাশের রুমে থাকা মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী তামজীদ শেখ ওই সময় ভাত খাচ্ছিলেন।
তাৎক্ষণিক মাদরাসা পরিচালক গোলাম রহিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার অবনতি হলে ভোর সাড়ে ৫টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী তামজীদ শেখ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হলে গোলাম রহিম নামের এক শিক্ষার্থী মারা যায়। তারা উভয় হিফজ বিভাগের ছাত্র ছিল।



