‘ছাত্র শিবিরের জনশক্তি বিগত সময়ে আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন, আপনারা জুলাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিতে ক্ষমতায় থাকবেন। শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা ‘ বলে হুশিয়ার করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যান সম্পাদক রেজাউল করিম শাকিল।
সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এই হুশিয়ারী দেন তিনি।
ছাত্রশিবির নেতা শাকিল বলেন, ‘ ছাত্রদল ধর্ষণ করছে, ক্যাম্পাসগুলোতে ছাত্র নিপীড়নের সেই পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা স্পষ্টত ঘোষণা করছি, বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদলকে ছাত্রলীগ হইতে দেয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেয়া হবে না। বিএনপি যদি আওয়ামী লীগ হয়, বিএনপিকে আওয়ামী লীগের মতো পরাজয় বরণ করতে বাধ্য করা হবে। আওয়ামী লীগকে হটাতে ১৭ বছর লাগলেও আপনাদের পরাজয় করতে আমাদের ১৭ বছর লাগবে না। এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আপনাদের কোনো অন্যায় বরদাস্ত করবে না।’
বিএনপিকে উদ্দেশ্য করে শিবির নেতা শাকিল বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগ হতে চাইলেও আওয়ামী লীগ হতে পারবেন না। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম এখনো ঘুমায় নাই। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আগামী তিরিশ চল্লিশ বছর বাংলাদেশে রাজনীতি করবে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই। যারা এই তরুণ প্রজন্মের পালস যারা বুঝতে পারেন না। এই তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারে না, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য হবে।’
ছাত্র শিবির নেতা শাকিল আরো বলেন, ‘জুলাই গণভোট আপনাদের (বিএনপির) দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না। জুলাই গণভোটের পক্ষে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছিল। প্রয়োজনে আবারও তারা রাস্তায় নামবে।’
এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
এসময় আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, জুলাই নিয়ে টালবাহান চলতে দেয়া হবে না, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকাসহ বিভিন্ন শ্লোগান দেন।
মিছিল শেষে সমাবেশে মহানগর সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা সভাপতি হামিদুর রহমান, সেক্রেটারি হানিফুর রহমান, কারমাইকেল কলেজ সভাপতি মাহমুদুল হক মাসুম প্রমুখ।



