ঢাকার ধামরাইয়ে মুরগির ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: হেকিম আলী (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে মুরগির ফার্মে এ ঘটনাটি ঘটে।
মৃত হেকিম আলী উপজেলা ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামের জয়নাল বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে বাড়ির পাশে মুরগির খামারে খাদ্য ও পানি দিতে যায় হেকিম আলী। কিন্তু মুরগির খাবার ও পানি দেয়ার সময় বিদ্যুতের লিক হওয়া তারের সাথে জড়িয়ে সেখানে পড়ে থাকে। রাত হয়ে যায়, কিন্তু হেকিম ফার্মে থেকে বাড়ি না আসায় পরিবারের লোকজন ফার্মে গিয়ে দেখে হেকিম পড়ে আছে। এই সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে দেখে হেকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে। পরে প্রতিবেশীরা হেকিমকে উদ্ধার ধামরাই সরকারি হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমাকে কেউ জানায়নি। তবে কেউ যদি অভিযোগ দেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



