নীলফামারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মাবিয়া সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন’ নামের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশার যাত্রী মাবিয়া আক্তার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



