মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিমের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ সম্পন্ন হয়।
বৈঠকের শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং দেশটির চলমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
বৈঠককালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং তার একটি বিশেষ পত্র হস্তান্তর করেন।
বৈঠকে দুই দেশের শ্রম বাজার ও কর্মী নিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই কর্মীদের শোষণ রোধে এবং স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শিক্ষাখাতে সহযোগিতা, বিশেষ করে শিক্ষক বিনিময় এবং অ্যাকাডেমিক সমন্বয়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা হয়।
তা ছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
নতুন সরকারের অধীনে তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য, নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারিত্বসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।



