কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, এয়ারগানের গুলি ও বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস ও ভারতীয় মদ।
বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



