কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৫

প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে চান্দিনা কাঠের পুল এলাকায় রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় নিহত হন তাইম।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা, নিমসার ও দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) ভোররাত ও সকালে জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় লরির চাপায় তাইম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইম চান্দিনা বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জানা যায়, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে চান্দিনা কাঠের পুল এলাকায় রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় নিহত হন তাইম।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মোমিন।

নিহত দু’জন হলেন— নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুর জেলার সোহেল রানা।

ওসি মো: আব্দুল মোমিন জানান, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় ঢাকামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হন। এ ঘটনায় আহত হন ট্রাকের হেলপার। ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে একইদিন (বুধবার) ভোররাতে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহতরা হলেন— সরকারপুর গ্রামের মরহুম লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো: নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার মজুমদার জানান, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

তারা দু’জনই অটোরিকশা চালক। তারা চাঁদপুর মতলবের সোলেমান ল্যাংটার মেলা থেকে ফিরছিলেন। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন— মো. নবীর হোসেন (৩৮), মো: কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও মো: সাগর মিয়া (৩৫)। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।