ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ফেনীতে ক্লিনিক সিলগালা

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ক্লিনিকটিতে যান। তবে সেখানে কোনো চিকিৎসক, সেবিকা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

Location :

Feni
রোগীর মৃত্যুর পর ফেনী শহরের শহীদ  ‘ওয়ান স্টপ মেটারনিটি’ ক্লিনিক সিলগালা করে দেয় প্রশাসন
রোগীর মৃত্যুর পর ফেনী শহরের শহীদ ‘ওয়ান স্টপ মেটারনিটি’ ক্লিনিক সিলগালা করে দেয় প্রশাসন |নয়া দিগন্ত

ফেনী অফিস
ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত ‘ওয়ান স্টপ মেটারনিটি’ ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর জটিলতায় লিজা (২২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা লিজা শনিবার ক্লিনিকটিতে ভর্তি হন। সিজারিয়ান সেকশন অপারেশনের পর জটিলতা দেখা দিলে তার মৃত্যু হয়।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ক্লিনিকটিতে যান। তবে সেখানে কোনো চিকিৎসক, সেবিকা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

পরে জেলা প্রশাসনের সহায়তায় সিভিল সার্জনের উদ্যোগে ক্লিনিকটির কার্যক্রম সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসনের এনডিসি মজিবুর রহমান, ফেনী মডেল থানার ওসি গাজী মো. ফৌজুল আজিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির আহ্বায়ক আব্দুল মোতালেব হুমায়ুন এবং সদস্য সচিব হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, চিকিৎসা সংক্রান্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা তৎপর রয়েছে।