নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন

‘নোবিপ্রবিকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’-এর উদ্বোধন অনুষ্ঠান
নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’-এর উদ্বোধন অনুষ্ঠান |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) নোবিপ্রবি ভিসি দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান সময়ে প্রযুক্তির আশীর্বাদে অনেক কাজ সহজতর হয়ে গিয়েছে। স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল এমন একটি ডিজিটাল টুল যা আমাদের দীর্ঘমেয়াদে সম্পদের ডিজিটাল ম্যানেজমেন্ট ও রক্ষণাবেক্ষণে সহায়তা করবে।’

ভিসি আরো বলেন, ‘নোবিপ্রবিকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ প্রযুক্তির যথাযথ ব্যবহার আমাদের কাজের দক্ষতা বাড়াবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সহায়তা করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন, আসবাবপত্রসহ বিভিন্ন দ্রব্যাদির সম্পূর্ণ জীবনচক্র র্ট্যাক এবং পরিচালনা করতে সাহায্য করে। একইসাথে এটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের হিসাবরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবহারের তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে।