গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে ভারত।
মঙ্গলবার দুপুরে উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশী নাগরিক চাঁপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামক সীমান্ত ও সিলেটের গুচ্ছগ্রাম নামক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের তোবা কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
ফেরত আসা বাংলাদেশীরা হলেন রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিক চর এলাকার মো: আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো: সাজাদ (২১), মো: রুবেল মিয়া (৩৫), মো: আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো: মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো: বজলুর রশিদ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।



