ঘুমন্ত চালককে জাগাবে ‘স্মার্ট চশমা’

চশমাটিতে একটি বিশেষ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা চালকের চোখের পাতা বন্ধ থাকার সময় নির্ণয় করে। চালক টানা ৩ সেকেন্ড চোখ বন্ধ রাখলে সতর্ক সংকেত হিসেবে অ্যালার্ম বাজতে শুরু করে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ক্ষুদে শিক্ষার্থীর উদ্ভাবন
ক্ষুদে শিক্ষার্থীর উদ্ভাবন |নয়া দিগন্ত

দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকের তন্দ্রা। দীর্ঘপথে ক্লান্তির কাছে হার মেনে অনেক চালকই অজান্তে ঘুমিয়ে পড়েন, আর তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এমন বাস্তবতা থেকেই ব্যতিক্রমী এক উদ্ভাবন নিয়ে সামনে এসেছে ময়মনসিংহের একদল ক্ষুদে শিক্ষার্থী—একটি ‘স্মার্ট চশমা’, যা ঘুমন্ত চালককে জাগিয়ে তুলবে, প্রয়োজনে গাড়িও থামিয়ে দেবে।

গৌরীপুর উপজেলার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ‘এন্টি স্লিপ অ্যালার্ম সিস্টেম ফর ড্রাইভার’স নামের এই উদ্ভাবন ইতোমধ্যেই স্থানীয়ভাবে কৌতূহলের জন্ম দিয়েছে। ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলায় প্রদর্শিত এই প্রজেক্ট দেখতে ভিড় জমে স্কুল প্রাঙ্গণে।

উদ্ভাবনী দলের নেতৃত্বে থাকা দশম শ্রেণির শিক্ষার্থী লাবীব আহসান নিরব জানায়, চশমাটিতে একটি বিশেষ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা চালকের চোখের পাতা বন্ধ থাকার সময় নির্ণয় করে। চালক টানা ৩ সেকেন্ড চোখ বন্ধ রাখলে সতর্ক সংকেত হিসেবে অ্যালার্ম বাজতে শুরু করে। এরপরও সাড়া না পেলে আরো কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির চাকা বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

সহপাঠীদের নিয়ে তৈরি এই উদ্ভাবনে কারিগরি সহায়তা দিয়েছেন বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক। শিক্ষার্থীদের দাবি, দেশে সড়ক দুর্ঘটনার বড় একটি অংশই ঘটে চালকের অসতর্কতা ও ঘুমিয়ে পড়ার কারণে। তাদের এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে এমন দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীরা উদ্ভাবনটি ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

ক্ষুদে শিক্ষার্থীদের এই প্রয়াস কেবল একটি প্রজেক্ট নয়, বরং নিরাপদ সড়কের স্বপ্ন—যেখানে প্রযুক্তিই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার।