চট্টগ্রামের ফটিকছড়িতে ক্রেতা সেজে জুয়েলারি দোকানে ঢুকে কর্মচারীদের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টার সময় সালমা আকতার নামে এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে ফটিকছড়ি পৌর সদরের বিবির হাটের ‘নিউ টুনটু জুয়েলার্স’-এ এই নাটকীয় ঘটনা ঘটে।
আটক সালমা আকতার ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী ও দোকান কর্মচারীদের সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বোরকা পরিহিত ওই নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তিনি কর্মচারীদের বিভিন্ন গয়না দেখাতে বলেন। কর্মচারীরা সোনার গয়না বের করে টেবিলের ওপর রাখলে হঠাৎ তিনি ব্যাগ থেকে মরিচের গুঁড়া বের করে কর্মচারীদের চোখেমুখে ছিটিয়ে দেন।
মরিচের তীব্র ঝাঁজে কর্মচারীরা যখন দিশেহারা, তখন ওই নারী দ্রুত টেবিল থেকে প্রায় সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণের চুড়ি, কানের দুল ও হার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে প্রচণ্ড জ্বালা সহ্য করেও দোকানের এক কর্মচারী সাহসিকতার সাথে ওই নারীর হাত জাপটে ধরেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
দোকানের মালিক সুমন ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রায় সাড়ে ৩ ভরি সোনা ছিনতাইয়ের জন্য তিনি মরিচের গুঁড়া ছিটিয়েছিলেন। কর্মচারীদের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান জানান, ‘ওই নারীর বিরুদ্ধে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘গত সোমবারও উপজেলার অন্য একটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ উঠেছিল এই নারীর বিরুদ্ধে। আজ আবারো একই কায়দায় চুরি করতে গিয়ে তিনি ধরা পড়েন। তাকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং মামলা দায়েরের পর আইনানুগ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’



