অনলাইন গেমের টাকার জন্য বটি দিয়ে মায়ের ওপর হামলা, পুলিশ হেফাজতে কিশোর

চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেম খেলার টাকার জন্য বটি হাতে মাকে পিটিয়েছে এক কিশোর। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। পরে পুলিশ ওই কিশোর মো: জাবেদুল ইসলাম জাবেদ (১৭) কে হেফাজতে নেয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
পুলিশ হেফাজতে অভিযুক্ত কিশোর মো: জাবেদুল ইসলাম জাবেদ (১৭)
পুলিশ হেফাজতে অভিযুক্ত কিশোর মো: জাবেদুল ইসলাম জাবেদ (১৭) |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনলাইন গেম খেলার টাকার জন্য বটি হাতে মাকে পিটিয়েছে এক কিশোর। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। পরে পুলিশ ওই কিশোর মো: জাবেদুল ইসলাম জাবেদ (১৭) কে হেফাজতে নেয়।

ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে। ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অনলাইন গেমে আসক্ত জাবেদ বাড়িতে নিয়মিত অর্থ দাবি করতেন। টাকা না পেলে তিনি রেগে গিয়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন। ঘটনার দিনও মায়ের কাছে টাকা চান। একপর্যায়ে হাতে থাকা বটি ঘুরিয়ে ভয়ভীতি দেখাতে দেখাতে মায়ের ওপর হামলা চালান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জাবেদ ঘরের ভেতরে মায়ের কাছে টাকা দাবি করছেন। হাতে থাকা বটকি দিয়ে ভয়ভীতি দেখাতে দেখাতে একপর্যায়ে মায়ের ওপর হামলা চালায় সে।

হামলার সময় মা কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে বলেন, ‘টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি’ তবুও থামেনি হামলা।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো: এনাম বলেন, ‘জাবেদ অনেকদিন ধরে গেমে আসক্ত। টাকা না দিলে সে প্রায়ই বাড়িতে গণ্ডগোল করত।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জাবেদকে হেফাজতে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেন ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলেছেন, অনলাইন গেমে আসক্তি এখন পরিবারগুলোকে চরম সঙ্কটে ফেলছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি তুলেছেন তারা।