ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, মামলায় আসামি শতাধিক

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদী থানা, পাবনা
ঈশ্বরদী থানা, পাবনা |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মীর আছেম খালেদ বিন পার্থিব বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান, ঈশ্বরদী সরকারি কলেজের সভাপতি মাহমুদুল রহমান মাহমুদ, সেক্রেটারি আসাদুল ইসলাম, মো: রিফাতসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার ও চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকে ছাত্রদল ও ছাত্রশিবির নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। এ সময় কলেজ গেট সংলগ্ন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য তৈরি ছাউনি ভাঙচুর করা হয়। ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কলেজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মামলার ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়, একটি মামলা আমরা আসামি হলাম সবচেয়ে কষ্টের কথা হলো আমরাই মার খেলাম আবার আমরাই আসামি হলাম। আমাদের যারাই আহত তারি আবার আসামি। এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অভিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তবে সংঘর্ষের পর দুই পক্ষই একে-অপরকে দোষারোপ করছে।

ছাত্রদলের করা মামলার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘শুক্রবার দুপুরে মামলাটি করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।’