সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার

কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন ব্রিজের পিলারের খাদে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
উদ্ধারকৃত অস্ত্র
উদ্ধারকৃত অস্ত্র |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ছয়টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন ব্রিজের পিলারের খাদে অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, এসময় সেখানে পড়ে থাকা একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ছয়টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়। পরবর্তীতে এসব আলামত জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।