চট্টগ্রামের আনোয়ারায় লিলি আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর লিলি আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বৈরাগ ইউনিয়নের গোয়াপঞ্চক গ্রামের কামাল উদ্দীনের মেয়ে লিলি আক্তারের সাথে একই এলাকার লোকমানের ছেলে মহিউদ্দিনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই নিজাম শাহ অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। ঘটনার আগের রাতে তার স্বামী তাকে মারধর করেন। পরে সকালে তাদের জানানো হয়, সে নাকি আত্মহত্যা করেছে।
এটিকে পরিকল্পিত হত্যা বলে মনে করছেন তারা।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



