জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই যোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনের সিদ্ধান্ত

এদিন শিশুদের জন্য নগরীর শিশু পার্ক ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা |নয়া দিগন্ত

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সিলেটে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন বেলা ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও সিলেট সদর ও মহানগর এলাকার আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

এছাড়া জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জেলার সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো প্রামাণ্যচিত্র জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

এদিন শিশুদের জন্য নগরীর শিশু পার্ক ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তাগণ।