নড়াইলে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৪০ জন কৃষকের মাঝে এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন হবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, ব্র্যাক সিড নড়াইলের সিনিয়র টেরিটরি অফিসার মোহাম্মদ লিয়াকত আলীসহ অনেকে।
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, হাইব্রিড ধান চাষাবাদে মাঠ পর্যায়ে সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী পরামর্শের মাধ্যমে কৃষকরা কম খরচে বেশি ফলন পাবেন। আমাদের লক্ষ্য কৃষকরা শুধু উৎপাদনই বাড়াবেন না, বরং লাভজনক কৃষিতে নিজেদের প্রতিষ্ঠিত করবেন। এ প্রশিক্ষণের ফলে কৃষকদের জ্ঞান ও দক্ষতা আরো বাড়বে। আর ব্র্যাক সিড সবসময় কৃষকদের পাশে থেকে উন্নতমানের বীজ ও আধুনিক প্রযুক্তি সরবরাহে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বর্তমান কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বাড়বে।
এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সঙ্কটে সেচ ব্যবস্থায় মিতব্যয়ী হতে হবে। বোরো ধানের গোড়ায় ৬ থেকে ৭ ইঞ্চি নিচে পানি থাকলে বারবার সেচ দেয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে বোরো ধানের জমিতে তিনদিন পর পর পানি দিলেও সমস্যা হবে না। এতে তেল সঙ্কটের সময়ে কৃষকেরা অনেক উপকৃত হবেন।



