তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

খাল খনন কর্মসূচি দেশের উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে

‘বর্তমান সরকার সীমিত সম্পদের মধ্যেও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
তারাকান্দায় খাল পুনঃখনন কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
তারাকান্দায় খাল পুনঃখনন কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘খাল খনন কর্মসূচি দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (১২ মে) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর এলাকায় প্রায় দেড় কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘খাল পুনঃখননের পর সেটি যেন পুনরায় ভরাট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে পালন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার সীমিত সম্পদের মধ্যেও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

তারাকান্দা উপজেলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, এখানে স্টেডিয়াম, হাসপাতাল ও বিভিন্ন সড়কের উন্নয়ন করা হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছেন, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতা জরুরি।’

অনুষ্ঠানে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, তারাকান্দার কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ‍্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।