চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকায় নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নির্মাণাধীন কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বারশত ও রায়পুর ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান খাজা ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজের অধীনে পরিচালিত নির্মাণকাজে সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থাপনায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি লবণাক্ত পানি ব্যবহারসহ প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়া হচ্ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা আরো বলেন, এসব অনিয়মের সাথে স্থানীয় প্রভাবশালী একটি মহলের সম্পৃক্ততা রয়েছে। অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম খান, পারকি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাসেম, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য জিয়াউর রহমান ও বারশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচি থেকে স্থানীয়রা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত তদন্ত করে নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।



