টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়েনে নোবিপ্রবির অবস্থান ৪০১-৬০০ ব্যান্ডে

‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ নোবিপ্রবির এই অর্জনে আমরা খুবই আনন্দিত, এ অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়েনে নোবিপ্রবির অবস্থান ৪০১-৬০০ ব্যান্ডে
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়েনে নোবিপ্রবির অবস্থান ৪০১-৬০০ ব্যান্ডে |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিকভাবে ৪০১-৬০০ ব্যান্ডে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে ১ম এবং সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে ৩য় স্থান লাভ করেছে।

চলতি বছর ৪০১-৬০০ ব্যান্ডে উন্নীত হয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিজেদের সক্ষমতার স্বীকৃতি পেয়েছে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা, প্রশাসনিক কার্যক্রম এবং সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে জাতিসঙ্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করে টাইমস হায়ার এডুকেশন এই র‌্যাঙ্কিং প্রকাশ করে।

এ বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় এই মূল্যায়নের আওতায় আসে।

এ সাফল্যের বিষয়ে নোবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ নোবিপ্রবির এই অর্জনে আমরা খুবই আনন্দিত, এ অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সমাজকল্যাণমূলক কর্মকান্ডে আরো কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন।’

তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যেই (এসডিজি) লক্ষ্য অর্জন করার জন্য কাজ করে যাচ্ছে এবং নোবিপ্রবির এ অর্জন (এসডিজি) এর ১৭টি লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নোবিপ্রবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। গবেষণাভিত্তিক শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি টেকসই, উদ্ভাবনী ও মানবকল্যাণমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতে এ সাফল্য ধরে রাখলে সরকার অবকাঠামো সহ সকল ক্ষেত্রে নোবিপ্রবির উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে বলে আশা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রো-ভিসি ও র‌্যাঙ্কিং অ্যান্ড র্স্ট্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর সরকার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ।

এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন র‌্যাঙ্কিং অ্যান্ড র্স্ট্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহদ হুসাইন।

এ সময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।