অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন করার অভিযোগে গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিএসটিআই গাজীপুর অফিস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।
বিএসটিআই গাজীপুর অফিসের সহকারী পরিচালক (সিএম) মো: সাইদুর রহমান জানান, গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় অবস্থিত পাপিয়া আইসক্রিম ও মুসলিম বরফ কল নামক দু’টি প্রতিষ্ঠান বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দীর্ঘদিন ধরে আইসক্রিম উৎপাদন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিএসটিআই ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই দুই প্রতিষ্ঠানে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পাপিয়া আইসক্রিম কারখানাকে ৭৫ হাজার টাকা ও মুসলিম বরফ কলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ ও মো: তাশরীফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই গাজীপুর অফিসের সহকারী পরিচালক (সিএম) মো: সাইদুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী চিন্ময় মন্ডল শিশির, ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌকলী অর্ণব চক্রবর্তী, পরিদর্শক (মেট্রোলজি) মো: হাবিবুর রহমান, প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।



