কলেজছাত্রী আনিতা হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

অতীতে একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নতুন করে আরেকটি হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
কলেজছাত্রী আনিতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
কলেজছাত্রী আনিতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ |সংগৃহীত

বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক নারী ফোরামের উদ্যোগে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সমাজতান্ত্রিক নারী ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তারের সঞ্চালনায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক নারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী, নারী ফোরামের জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিন, সদস্য ইসমত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: ইমরান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন ও হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় শাখার সংগঠক নাজলা আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে বি এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতার লাশ উদ্ধার করা হয়।

তারা অভিযোগ করেন, মাইনুল ইসলাম হিমুর সাথে সম্পর্ক থাকলেও আগের একটি হত্যার অভিযোগ জানার পর আনিতা সম্পর্ক ছিন্ন করতে চায়। তাই তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়।

বক্তারা আরো দাবি করেন, অতীতে একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নতুন করে আরেকটি হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। দেশে নারী নির্যাতনের হার উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় এসব অপরাধে উৎসাহিত হচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুসহ সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।