ফেনীতে জামায়াতের রুকন শিক্ষাশিবির

সংসদে সমাধান না হলে রাজপথে দাবি আদায় : এটিএম মা’ছুম

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে সংবিধানকে কাটাছেঁড়া করে বুকলেটে পরিণত করছে। এটি মানতে গিয়ে বিএনপি আওয়ামী লীগের ভূমিকা পালন করছে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বক্তব্য রাখছেন মাওলানা এটিএম মা’ছুম
বক্তব্য রাখছেন মাওলানা এটিএম মা’ছুম |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মুহাম্মদ মা’ছুম বলেছেন, ‘গত দুই মাসে সরকারের যাবতীয় কার্যক্রম আওয়ামী স্বৈরশাসনের চেয়ে তারা পুনঃআর্বিভাবের পাঁয়তারা করছে। তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে সংবিধানকে কাটাছেঁড়া করে বুকলেটে পরিণত করছে। এটি মানতে গিয়ে বিএনপি আওয়ামী লীগের ভূমিকা পালন করছে।’

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফেনী শহর শাখার রুকনদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ-বিএনপির মধ্যে প্রার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান-খালেদা জিয়ার বিএনপি এখন নেই। সরকারের মন্ত্রীরা রাস্তায় নামেন না, খোঁজখবর রাখেন না। আগের চেয়ে দ্বিগুন-তিনগুন চাঁদাবাজি হচ্ছে। দ্রব্যমূল্য বাড়ছে। এসব ব্যাপারে তাদের বক্তব্য নেই।’

তিনি আরো বলেন, ‘ব্যাংকিং সেক্টর ধ্বংসপ্রায়। ইসলামী ব্যাংককে চিরতরে শেষ করার আয়োজন শুরু করেছে। আওয়ামী আমলের চেয়ে দেশ কোনো অংশে ভালো নেই। বিরোধী দল বাধ্য হয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছে। যারা সরকার পরিচালনা করছেন তারা দেশকে ভালোবাসেন না। তাদের দেশ ধ্বংস করার সুযোগ দেয়া যায় না। জনগণকে নিয়ে দেশকে বাঁচাতে হবে। যতদিন পরিবেশ থাকবে ততদিন বিরোধী দল সংসদে থাকবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সমস্যা সমাধান করা হবে। জামায়াত সংগ্রামী সংগঠন।’

সংগ্রামের মানসিকতা নিয়ে ইসলামের পক্ষে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।

কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক এটিএম মা’ছুম আরো বলেন, ‘জনগণ জামায়াতকে ক্ষমতায় আনতে ভোট দিয়েছিল। সরকারি দল ইঞ্জিনিয়ারিং করে জামায়াতের বিজয় ছিনিয়ে নিয়েছে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এককভাবে ৬৮টি আসন পায়। যেই উদ্দেশ্য নিয়ে অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন অপশক্তি বাধার প্রাচীর দাঁড় করিয়েছিল। তারপরও অতীতের যেকোনো সময়ের তুলনায় ঈর্ষণীয় বিজয় লাভ করে। মানুষের প্রত্যাশা পূরণে জামায়াত প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে যাচ্ছে’

শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা। শহর সেক্রেটারি সামাউন হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দিন, নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, ফেনী জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক।