মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টা দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বড় মসজিদের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন ঢাকার দোহার থানার দক্ষিণ মাইশা এলাকার আলতাফ মিয়ার ছেলে আলী আজম (৬৫) ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার দানিয়াপাড়ার বিল্লাল খানের ছেলে মোসলেম খান (৪৮)।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলী আজমের কাছ থেকে এক কেজি গাঁজা ও শাহীনের কাছে থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরো জোরদার করা হবে।



