কুমিল্লার ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের লাশ অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে কুমিল্লা উত্তর জেলা জামায়াত।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার জানান, ট্রাক দুর্ঘটনায় নিহতদের লাশ পৌঁছানো ও আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি সমন্বয় কমিটি করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসেনকে সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়।
অন্য সদস্যরা হলেন দাউদকান্দি পৌরসভার আমির মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, কর্ম পরিষদ সদস্য রেজাউল করিম, ফজলে রাব্বি।
সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মোশাররফ হোসেন জানান, ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায়। নিহতদের স্বজনরা লাশ গ্রহণের জন্য আসলে আমরা সার্বিক সহযোগিতা করি।
মঙ্গলবার বেলা ৩টার দিকে ফ্রিজিং লাশবাহি গাড়ি দাউদকান্দি থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীররাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকের উপরে থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। চাপাপড়া শ্রমিকদর মধ্যে সাতজন নিহত ও ৬ জন আহত হন।
দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্যও আর্থিক সহায়তা প্রদান করেন। দাউদকান্দি জামায়াতের নেতাকর্মীরা নিহতদের লাশ পৌঁছানোর জন্য গাড়ি ব্যবস্থাসহ দুর্ঘটনাস্থলে আসা নিহত ও আহতদের স্বজনদের আপ্যায়নের ব্যবস্থা করেন।



