দায়িত্ব বদলে যাচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের। জাতীয় দল থেকে সরিয়ে দেয়া হচ্ছে তাকে। তবে থাকছেন বিসিবিতেই। দায়িত্ব নিচ্ছেন এইচপির প্রধান কোচের।
জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরীর আতুঘর হাই-পারফরম্যান্স বিভাগকে ঘিরে নতুন মৌসুমের পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। পাইপলাইন শক্তিশালী রাখতে নতুন কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি।
এইচপিতে নয়া হলেও নতুন কোচের মুখটা পুরনো বেশ। ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, আসন্ন মৌসুমে এইচপির প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
জাতীয় দলেও কাজ করা এই কোচের ওপরেই আস্থা রাখছে বিসিবি। চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি বিভাগ নিয়ে বৈঠকে বসবেন, তারপরই বিস্তারিত পরিষ্কার হবে।
জানা যাচ্ছে দেশের ক্রিকেটের আরেক পরিচিত কোচ সোহেল ইসলামকেও দেখা যাবে এইচপিতে। এই দু’জনের অধীনেই বেড়ে জাতীয় দলের জন্য প্রস্তুত হবেন আগামীর সাকিব-তামিমরা।
উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের এইচপি বিভাগে বয়সের কোনো বাধা থাকছে না।
পরিকল্পনা অনুযায়ী, আগামী মে মাস থেকেই শুরু হবে এইচপির ট্রেনিং।
জুন মাসে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে খেলতে আসবে ঘরের মাঠে। এরপর জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল। যেখানে তারা তিনটি একদিনের ম্যাচ ও দু’টি চার দিনের ম্যাচ খেলবে। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে এইচপি দল।
সেখানে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি দু’টি চার দিনের ম্যাচও খেলার কথা রয়েছে। এর বাইরে আসন্ন ইমার্জিং এশিয়া কাপেও এইচপির ক্রিকেটারদের সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।



