কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে আগামী দু’-এক দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলব।’ এ সময় তিনি জনগণের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে বলেও প্রতিশ্রুতি দেন।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনার মধ্য দিয়ে নিজেদের রাষ্ট্রের মালিক হিসেবে নির্বাচিত করেছে। বিএনপি অতীতে যেমন দেশের মানুষকে ওয়াদা দিয়েছে, দেশের সেবা করার সুযোগ পেয়ে সে ওয়াদা পূরণ করেছে। ভবিষ্যতেও সকল ওয়াদা পূরণ করবে ইনশাআল্লাহ।’
পথসভার সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সম্পাদক কামরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।
উল্লেখ্য, লক্ষ্মীপুর বাজার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০১ সালেও দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছিলেন।



