ময়মনসিংহ মেডিক্যালে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৯

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো ১৯ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৯ শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই—বরং দিন যত যাচ্ছে, উদ্বেগ ততই বাড়ছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

হামের ভয়াবহ থাবায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল যেন এখন শিশুদের জন্য এক আতঙ্কের নাম। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সর্বশেষ, হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫-এ। যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো ১৯ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৯ শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই—বরং দিন যত যাচ্ছে, উদ্বেগ ততই বাড়ছে।

মৃত শিশুটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা। মাত্র সাত মাস বয়সী ওই শিশুকে গত ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর মিলেই শিশুটির প্রাণ কেড়ে নেয়।

মঙ্গলবার সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ মার্চ থেকে ৫ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৮৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে আরো ২১ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৪ শিশু।

তিনি আরো বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে তিনটি বিশেষায়িত মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।’