সাভারের বিরুলিয়ায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আব্দুল বারেকের (৬৫) বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (৭ এপ্রিল) রাতে সাভার মডেল থানায় মামলাটি করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো: আল-আমিন।
সকালে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত আব্দুল বারেক সাত বছরের শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাত ১০টার দিকে পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯ -এ ফোন দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় রাতে সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভুক্তভোগী পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল বারেক পলাতক রয়েছেন।



