ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব থামছেই না। নতুন করে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২৩ এপ্রিল সকাল পর্যন্ত মোট ৭৪৮ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬৭ শিশু।
হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৫ শিশু।
জানা গেছে, গত শনিবার ১০ মাস বয়সী এক শিশুকে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ১১টার চিকিৎসাধীন অবস্থায় দিকে শিশুটি মারা যায়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, রোগীদের চিকিৎসা দিতে তিনটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের এ বিষয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



