চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিতে অসংগতি ধরা পড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে তদারকিতে ব্যবসায়ীদের ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এবিএম স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে পাঁচ হাজার টাকা, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রির তালিকা প্রদর্শন না করায় হাসান স্টোরের স্বত্বাধিকারী হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় সরোজগঞ্জের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আইন মেনে মানসম্মত পণ্য কেনা-বেচা, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি পরিচালনা কাজে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।


