নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার দুপুরে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার পিঠালিপুল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, মো: রানা মিয়ার মালিকানাধীন ‘মা-বাবা এন্টারপ্রাইজ’ নামের ঝুটের গোডাউনে এ আগুন লাগে। গোডাউনটিতে ঝুট কাপড়, পলি, কাগজ ও ইনটেক ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের মালামাল মজুদ ছিল।
গোডাউন মালিক রানা মিয়ার দাবি, আগুনে তার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনের নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



