ফেনী পৌরসভা আধুনিকায়নের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) পৌরসভার হলরুমে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর আয়োজনে সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, (আরইউটিডিপি) নগর পরিকল্পনাবিদ মো: আবদুর রকিব খান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো: জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, আহসান ইমাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: আতিক উল্যাহ, নারীবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক নাসরীন আক্তার, ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: সামছুদ্দীন ও নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, জামায়াতের জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক তপন কর, এবি পার্টির জেলা সদস্য সচিব মুহম্মদ ফজলুল হক, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনসহ টিএলসিসি সদস্যগণ।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভার জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সমূহের পরিবৃদ্ধি করা, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি করা, নগর সমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা।
এছাড়া রয়েছে পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভার প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।



