চকরিয়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

এদিন দুপুরে আরিফ ও তার চাচাত ভাই খায়রুদ্দীন সিকদার পাড়া এলাকা দিয়ে যাওয়ার পথে সুজন তার বাড়ি থেকে ছুরি নিয়ে এসে তাদেরকে উপর্যপুরী ছুরিকাঘাত করেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া থানা
চকরিয়া থানা |সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ আরিফ হোসেন (৩৬) নিহত হয়েছেন। এ সময় মোহাম্মদ খায়রুদ্দীন (৩৭) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছিমারকাটা সিকদার পাড়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে এবং একই ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক।

জানা গেছে, মোহাম্মদ আরিফের পরিবারের সাথে জায়গাজমি নিয়ে সাজ্জাদ হোসেন সুজনের (৩৭) পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। এদিন দুপুরে আরিফ ও তার চাচাত ভাই খায়রুদ্দীন সিকদার পাড়া এলাকা দিয়ে যাওয়ার পথে সুজন তার বাড়ি থেকে ছুরি নিয়ে এসে তাদেরকে উপর্যপুরী ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আরিফকে মৃত ঘোষণা করেন। খায়রুদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। ঘটনার সাথে জড়িত ঘাতক সাজ্জাদ হোসেন সুজনকে সিকদারপাড়া বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।