নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে মো: লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন রংপুর জেলার মরহুম শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁওয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সাইনবোর্ডস্থ একটি গাড়ির শোরুমের কর্মচারী হিসেবে কাজ করতেন। তার সাথে সোনারগাঁওয়ে সাকিব গ্রুপের সাথে পূর্বের দ্বন্দ্ব ছিল। শনিবার ওই গ্রুপের সাথে লিটনের ঝগড়া হয়। রাতে লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, ‘আমার মেয়ের জামাইকে কারা যেনো হত্যা করেছে। ধারণা করছি তার কোনো বন্ধুর সাথে দ্বন্দ্ব ছিল, আর তারাই এ কাজ করতে পারে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুহিববুল্লাহ জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বলা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



