মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মালির অংক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের মো: আসাদুজ্জামান (৪২) ও ইশরাত জাহান (২৫)।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, আজ দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার মালির অংক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোট ৪০০ পিস ইয়াবাসহ মো: আসাদুজ্জামান (৪২) ও ইশরাত জাহানকে (২৫) ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
উদ্ধার করা মাদকদ্রব্যের বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আরো জানানো হয়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।



