চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জনপ্রিয় পর্যটন এলাকা পারকী বিচে অবস্থিত দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানার উদ্যোগে পরিচালিত এ অভিযানে পারকী বিচ এলাকার সি-ভিউ ও সাগর ছায়া হোটেলে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৭ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে সন্দেহভাজনদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মামুন (৪২), মো: আব্দুর রহিম (৪০), আব্দুল হালিম (২৮), মো: জাহিদ উল্ল্যা (২৬), মো: সাকিব (২৩), দীপ্ত বিশ্বাস (২৬), শওকত আলী (২৭), আরফিন আক্তার (২৬), রিয়া দে (১৮), জান্নাত বেগম (২৮), তাসমিন (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া সুলতানা (১৮) ও করিমা বেগম (২২)। তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, ‘অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পর্যটন এলাকার সুনাম রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।’



